শিবগঞ্জে রাস্তা রক্ষার দাবিতে কাফনের কাপড় পরে এলাকাবাসীর প্রতিবাদ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দেবতপুর মাঝপাড়া গ্রামে চলাচলের রাস্তা রক্ষার দাবিতে কাফনের কাপড় পরে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন এলাকাবাসী। এসময় বাবু শেখ, হেলাল, ওসমান, শাহাদতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর অভিযোগ, মৃত আব্দুস সোবাহানের ছেলে আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তায় গোবর ও জঙ্গল ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এছাড়াও রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন স্থানীয়রা।
প্রতিবাদকারীরা জানান, ওই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসী চলাচল করে আসছেন। কিন্তু বিভিন্নভাবে রাস্তা বন্ধের চেষ্টা করায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে রাস্তা পুনরুদ্ধার ও অবাধ চলাচল নিশ্চিত করার দাবি জানান তারা।
অভিযোগের বিষয়ে আশরাফুল ইসলাম বলেন, ওই রাস্তা আমার ব্যক্তিগত জায়গার উপর দিয়ে গেছে। তাই এই দিক দিয়ে রাস্তা ব্যবহারের জন্য আমি জায়গা দিব না।
এ বিষয়ে স্থানীয় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন,আমি যতটুকু জানি ওই রাস্তা দিয়ে অনেক আগে থেকেই মানুষ চলাচল করে আসছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।