নাটোরের বড়াইগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দলীয় নেতারা আসন্ন জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে জনগণের সমর্থন আদায়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম। তিনি বলেন, “দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য জনগণের ভোটই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠায় জামায়াত অঙ্গীকারবদ্ধ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা মোঃ আবুল হোসাইন, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ হাসেম আলি মীর, উপজেলা সেক্রেটারি মোঃ আবুবকর সিদ্দিক এবং সহকারী সেক্রেটারি ও আসন্ন বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ হাসানুল বান্না উজ্জ্বল।
বক্তারা বলেন, তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করতে জনগণের আস্থা অর্জনই হবে মূল কাজ। এ সময় তারা স্থানীয় সরকার নির্বাচনসহ জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার নির্দেশ দেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় পর্যায়ে জামায়াতের এই ধরনের সক্রিয়তা আগামী নির্বাচনে তাদের উপস্থিতি ও প্রভাব বাড়াতে ভূমিকা রাখবে। বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে প্রার্থীর মাঠপর্যায়ের প্রচারণা সংগঠনকে আরও উজ্জীবিত করছে।