যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান রক্তক্ষয়ী সংঘাতের আবহে জাতির উদ্দেশে এক বিশেষ ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভাষণে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান তার ভূখণ্ডের এক ইঞ্চি জমিও শত্রুর দখলে যেতে দেবে না।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এই ভাষণে পেজেশকিয়ান দেশের মাটি ও পানি রক্ষার দায়িত্ব প্রতিটি নাগরিকের ওপর অর্পণ করেন। তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অভিন্ন অবস্থানের মাধ্যমেই যেকোনো বিদেশি আগ্রাসন প্রতিহত করা সম্ভব। তিনি মনে করেন, জনতার সম্মিলিত শক্তিই ইরানকে বর্তমান সংকটে টিকে থাকার সাহস জোগাবে।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে নিজের সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করে ইরানি প্রেসিডেন্ট বলেন, তেহরান সবসময় ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ অবস্থান চায়। তবে শত্রুপক্ষ পরিকল্পিতভাবে এই অঞ্চলে বিভাজন ও কৃত্রিম উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি দাবি করেন, কিছু হামলা অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করে পরিচালিত হচ্ছে, যার পাল্টা জবাব দিতে ইরান আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বাধ্য হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে, ওই দেশগুলোর সঙ্গে ইরানের সরাসরি কোনো বিরোধ রয়েছে।
ভাষণের শেষভাগে অত্যন্ত কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়ে পেজেশকিয়ান বলেন, যারা ইরানের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ চালাবে, তাদের বিরুদ্ধে তেহরান সর্বোচ্চ কঠোর অবস্থান নেবে এবং সময়মতো উপযুক্ত জবাব দেওয়া হবে। দেশের স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তিনি আপামর জনসাধারণকে বিভেদ ভুলে একতাবদ্ধ হয়ে কাজ করার জোরালো আহ্বান জানান।