বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাজধানীসহ সারা দেশের দোকানপাট ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকাসহ দেশের সব দোকান, বিপণিবিতান ও শপিংমল নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ রাখতে হবে। আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় এবং সরবরাহ ব্যবস্থায় চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
তবে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজারসহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।