কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৬ মার্চ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় পাঁচ কোটি টাকা ব্যয়ে একটি খাল পুনর্খননের মাধ্যমে দেশে প্রথমবারের মতো এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৮ মার্চ) দুপুরে কাহারোলের বলরামপুর সাহাপাড়া এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এ তথ্য নিশ্চিত করেন।
প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে অধিক কৃষি ফলন ও পরিবেশ রক্ষায় যে খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই উদ্যোগকে এখন আরও আধুনিক ও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে মোট ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনর্খনন করা হবে। এই কর্মসূচির মাধ্যমে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন, যা ফসল উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনবে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এই কার্যক্রম অত্যন্ত দ্রুতগতিতে বাস্তবায়ন করা হবে। বিশেষ করে দিনাজপুরের এই খালটি পুনর্খননের মাধ্যমে স্থানীয় অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।
দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, জাহাঙ্গীর আলমসহ পানিসম্পদ সচিব এবং জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দিনাজপুরে এখন ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।