কুড়িগ্রামে শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে নির্বাচিত পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত স্যানিটারী ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান মন্ডল, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, বেলগাছা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কুড়িগ্রাম এডিপি ম্যানেজার নীতা ফ্লোরা দাস।
এতে শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে
নিবন্ধিত ও অনিবন্ধিত ১৮৯ জন উপকারভোগীর প্রত্যেককে ল্যাট্রিনের পূর্ণাঙ্গ সেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস বলেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের বিকল্প নেই। তবে সুন্দর পরিবেশ গড়তে যত না অর্থের প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন পরিবেশ সম্পর্কে মানুষের সচেতনতা সৃষ্টি করা। স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারের বিষয়ে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করা গেলে পরিবেশ দূষণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হলে আগামী প্রজন্মকে ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস, টাইফয়েডের মত মারাত্মক সংক্রামক রোগ মুক্ত রাখা সহজ হবে। এক্ষেত্রে স্যানিটেশন ব্যবস্থাপনায় সকলকে আরো মনোযোগী হতে হবে। মানুষের মাঝে স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন ত্বরান্বিত করতে হবে।