বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ শেখের হাতে সভাপতি পদে মনোনয়নের জন্য ডিও (ডেমি অফিসিয়াল) লেটার হস্তান্তর করা হয়। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন ডিও লেটারটি জমা দেন।
ডিও লেটারে শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে ভিপি শহিদুল ইসলাম বাবলুকে মনোনয়ন প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোজাফফর আলী, সহকারী শিক্ষক সাবিনা সুলতানা, রোজিনা খাতুন, কৃষ্ণা রাণী, ডলি চক্রবর্তী, মো. নুরুন্নবী, মো. মোশারফ হোসেন, মো. সাহেব আলী, মো. মাহমুদুল হাসান শিমুল, মো. ইব্রাহিম হোসেন, মো. আবুল কালাম আজাদ, হালিমা খাতুন, সালেহা পারভিন, রুবেল হোসেন, দুলালী আক্তার, আব্দুল মোমিন, জামিরুল ইসলাম ও মেহেদী হাসান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন, “শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য মানসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রাখতে কাজ করব। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এ অঞ্চলে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের গতি আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।