বগুড়ার শিবগঞ্জে পুলিশকে মারধর করে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া হত্যা ও নাশকতার প্রায় ১৬ মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজুকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল।
এ সময় তার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়।
রিজ্জাকুল রহমান রাজু (৪৬) শিবগঞ্জ উপজেলার চকভোলাখাঁ গ্রামের মৃতঃ বদর উদ্দিনের ছেলে। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি।
র্যাব সুত্রে জানা যায়, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে আসামি ঢাকার আশুলিয়া থানার নবীনগর এলাকায় অবস্থান করছে। পরে তাদের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন,রাজুর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও পুলিশ আক্রান্ত মামলা ছাড়াও হত্যা ও নাশকতার প্রায় ১৬ মামলা রয়েছে।তাকে আইনি প্রক্রিয়া শেষে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর সন্ধ্যায় শিবগঞ্জ থানার চকভোলাখাঁ গ্রামে তাকে গ্রেপ্তার করে থানায় আনার পথে অজ্ঞাতনামা ১৫০/২০০ জন হামলা চালায়। ওই সময় পুরুষ ও মহিলা হাতে বাঁশের লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে পুলিশকে মারধর করে হাতকড়াসহ রিজ্জাকুল রহমান রাজুকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৫ অক্টোবর ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০/২০০ জনকে আসামি করে পুলিশ থানায় মামলা করে। সেই মামলায় ১১ নারীসহ ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।