বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমূদ খৈয়ম, এমপি বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য।সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা হবে। পাশাপাশি রাজবাড়ীসহ সারা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চার দিনের সরকারি সফরে নিজ জেলা রাজবাড়ীতে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুর ১২টার দিকে সড়কপথে পদ্মা সেতু হয়ে তিনি রাজবাড়ী সার্কিট হাউজে পৌঁছান। সেখানে পৌঁছালে জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী শহরের ২৮ কলোনি পৌর কবরস্থানে গিয়ে তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করেন। সেখানে তিনি দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর তিনি নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সরকারি সূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী আগামী ৩ মার্চ পর্যন্ত রাজবাড়ীতে অবস্থান করবেন। এ সময়ে তিনি জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। তাঁর সফরকে ঘিরে জেলাজুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।