বগুড়ার শেরপুর পৌরসভায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় ৩৩৩ জন মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই ২০২৬) দুপুরে পৌরসভা কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় মোট ৩৩৩ জন সুবিধাভোগীর প্রত্যেককে ১৫ কেজি করে চাল প্রদান করা হয়।
শেরপুর পৌরসভার প্রশাসক মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য (বগুড়া–৫, শেরপুর–ধুনট) গোলাম মোহাম্মদ সিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার লুটপাটতন্ত্র চালু করেছিল এবং গরিবের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। বর্তমান সরকার দুঃস্থ মানুষের জন্য খাদ্য সহায়তা ও বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার সুফল জনগণ দ্রুত পাবে। জনগণের টাকায় জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতি প্রতিরোধে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম বাবলু, রফিকুল ইসলাম মিন্টু, সাবেক পৌর মেয়র জানে আলম খোকা, বিসিবির পরিচালক ও বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী, পৌর বিএনপি সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, পৌর যুবদল আহ্বায়ক শাহাবুল করিম এবং যুগ্ম আহ্বায়ক আবু রায়হান।
এছাড়াও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সুবিধাভোগীরা এ মানবিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।