পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কোরবানির পশুর চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত পশু জবাই এবং বৈজ্ঞানিক উপায়ে চামড়া সংরক্ষণ বিষয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “পুন্ড্রনগর”-এ আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এতে বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম।
কর্মশালায় কোরবানির পশু জবাইয়ের ধর্মীয় ও স্বাস্থ্যসম্মত পদ্ধতি, চামড়া ছাড়ানোর সঠিক কৌশল, পচন রোধে লবণের যথাযথ ব্যবহার এবং চামড়া সংরক্ষণের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা কোরবানির পশু জবাইয়ের পর দ্রুত ও সঠিক নিয়মে চামড়া ছাড়ানো, কাঁচা চামড়া বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ এবং সরকার কর্তৃক সরবরাহকৃত বিনামূল্যের লবণের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চামড়া শিল্পের জাতীয় অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে স্থানীয় ইমাম, কসাই, মৌসুমি চামড়া ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। কোরবানির পর সঠিক নিয়মে চামড়া সংরক্ষণ করা গেলে এর গুণগত মান বজায় থাকবে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে। এ বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, কসাই, মসজিদের ইমাম, মাদরাসা শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।