বগুড়ার শিবগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষার ফরম পূরণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া প্রতারণা মামলার এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) শিবগঞ্জ থানা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজের আউটসোর্সিং ভিত্তিক কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওনের বিরুদ্ধে কলেজের ছয়জন এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণের কথা বলে জনপ্রতি ৪ হাজার ৫০০ টাকা করে মোট ২৭ হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠে।
অভিযোগ অনুযায়ী, পরীক্ষা শুরুর আগের দিন গত ১ জুলাই পরীক্ষার্থীরা কলেজে প্রবেশপত্র নিতে গিয়ে জানতে পারেন, তাদের নামে কোনো পরীক্ষার প্রবেশপত্র ইস্যু হয়নি। পরে তারা বুঝতে পারেন যে, ফরম পূরণের নামে নেওয়া অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়।
মামলার পর বগুড়া জেলা পুলিশের নির্দেশনায় শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলামের তত্ত্বাবধানে এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। শনিবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে শিবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অভিযুক্তের বোনের বাড়ি থেকে সাব্বির হোসেন শাওন (২৮)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের কথা বলে ২৭ হাজার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে শিবগঞ্জ থানা পুলিশ।