জনগণের সেবায় অবহেলা ও অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী নির্ধারিত সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অফিসে উপস্থিত না পেয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন। জানা গেছে, মন্ত্রী আসার পর প্রায় আধাঘণ্টা অফিসের বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করেন, যা উপস্থিত সাধারণ মানুষের নজর কাড়ে। কর্মকর্তাদের এই দায়িত্বজ্ঞানহীনতায় ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কল্যাণের জন্যই কাজ করবে। ভূমি অফিসে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না।”
ভূমি প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান যে, সরকারের মূল লক্ষ্য হলো জনগণের দোরগোড়ায় হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়া। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “দায়িত্ব পালনে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি কোনো কর্মকর্তা-কর্মচারী জনগণকে সেবা দিতে গড়িমসি করেন বা অসহযোগিতা করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”
প্রতিমন্ত্রীর এই ঝটিকা সফরের মাধ্যমে সারা দেশের ভূমি অফিসগুলোতে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।