• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

গাইবান্ধায় বাকি টাকা চাওয়ায় সন্ত্রাসীর গুলিতে নারীসহ ২ জন আহত

শাহ মো মুশফিকুর রহমান,সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: / ২১৬ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

51

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নাপিত বাজারে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীর গুলিতে এক নারীসহ দুইজন আহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে ৭নং ইদুলপুর ইউনিয়নের নাপিত বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় হোটেল ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের ছেলে অসীম হোটেলের কাজে ব্যস্ত ছিলেন। এসময় গোলাপ নামে এক ব্যক্তি হোটেলে এসে নাস্তা করে বিল না দিয়ে চলে যেতে চান। অসীম বিল চাইলে গোলাপ দাবি করেন, “আমি কোথাও খরচ করলে টাকা লাগে না।” অসীম জানান, আগের বাকি টাকাও রয়েছে, সেটিও পরিশোধ করতে হবে।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গোলাপ কোমর থেকে পিস্তল বের করে অসীমকে লক্ষ্য করে গুলি চালান। অসীম মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করতে এগিয়ে আসা সেলিনা বেগমকেও গুলি করা হয়।

গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এলে গোলাপ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কে এই গোলাপ?

গোলাপ সাদুল্লাপুর উপজেলার ইদুলপুর ইউনিয়নের দক্ষিণ চক দারিয়া গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে। বাবা-মা মারা যাওয়ার পর সে বেপরোয়া হয়ে ওঠে এবং মাদক, অস্ত্র ব্যবসা ও চোরাচালানসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া সাবেক আওয়ামী লীগ এমপি উম্মে কুলসুম স্মৃতির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গোলাপ স্থানীয় আওয়ামী লীগ সংগঠনের সঙ্গে সক্রিয় ছিল।

এলাকাবাসীর অভিযোগ, গোলাপ সর্বদা অস্ত্র বহন করত এবং তার ভয়ে কেউ মুখ খোলার সাহস পেত না।

ঘটনার পর সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সন্দেহভাজন স্থানে অভিযান চালিয়েছে, তবে গোলাপকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সন্ত্রাসী গোলাপকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা