নারী এশিয়ান কাপের মঞ্চে চীনের বিপক্ষে লড়াই করে প্রশংসা কুড়ালেও উত্তর কোরিয়ার শক্তিমত্তার কাছে অসহায় আত্মসমর্পণ করল বাংলাদেশ। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছে পিটার বাটলারের শিষ্যরা। পুরো ম্যাচে কোরিয়ানদের একতরফা আধিপত্যের সামনে পাত্তাই পায়নি বাংলাদেশের মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা উত্তর কোরিয়া প্রথমার্ধেই তিনবার বল জালে পাঠিয়েছিল, তবে ভিএআর (VAR) সিদ্ধান্তে সেই গোলগুলো বাতিল হয়ে যায়। কখনও হ্যান্ডবল, কখনও গোলরক্ষককে ফাউল আবার কখনও অফসাইডের কারণে গোলবঞ্চিত হলেও দমে যায়নি কোরিয়ানরা। প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে প্রথম গোল করেন মিয়ং ইউ জং। এর দুই মিনিট পরেই কিম কিয়ং ইয়ংয়ের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় উত্তর কোরিয়া।
দ্বিতীয়ার্ধেও চিত্রটা বদলায়নি। ৬২ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডার কোহাতি কিস্কুর ভুলে বল পেয়ে ব্যবধান ৩-০ করেন চে উন ইয়ং। এর ঠিক দুই মিনিট পর কিয়ং ইয়ং নিজের দ্বিতীয় গোল পূর্ণ করলে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের হাত থেকে ছিটকে যায়। ম্যাচের শেষ মিনিটে কিম হ্যে ইয়ংয়ের হেডে পঞ্চম গোলটি হজম করে বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। চীনের পর উত্তর কোরিয়ার কাছে এই হারে এশিয়ান কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ বাংলাদেশের জন্য অনেকটাই কঠিন হয়ে পড়ল।