বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। রোববার ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি একই সঙ্গে ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচিত হওয়ায় গত ১৬ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসনের প্রতিনিধিত্ব ছেড়ে দেওয়ার বিষয়ে কমিশনে ঘোষণাপত্র জমা দেন। এর পরিপ্রেক্ষিতে ওই দিন থেকেই আসনটি শূন্য ঘোষণা করা হয়।
অন্যদিকে, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত করার বিধান রয়েছে। সেই বিধান অনুসারেই নির্বাচন কমিশন ওই আসনের নির্বাচন স্থগিত করে।
ইসি সূত্র জানায়, সাংবিধানিক বাধ্যবাধকতা ও আরপিও অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই দুই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কমিশন ইতোমধ্যে প্রশাসনিক প্রস্তুতি শুরু করেছে এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, বগুড়া-৬ আসনটি বগুড়া জেলার গুরুত্বপূর্ণ একটি সংসদীয় আসন এবং শেরপুর-৩ আসনটি শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত। দুই আসনের উপনির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক তৎপরতা ইতোমধ্যে বাড়তে শুরু করেছে।