ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের কারণে দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ জন বাংলাদেশি অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (এয়ারবাস ৩৩০) তারা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এই যাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ক্রু-ও ছিলেন, যারা যুদ্ধের কারণে সেখানে আটকা পড়েছিলেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানিয়েছেন ৩৭৮ জন যাত্রী নিয়ে তাদের ৪৩৬ আসনের বিশাল এয়ারবাসটি কোনো বিঘ্ন ছাড়াই সফলভাবে ঢাকায় পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে ওঠায় এবং নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত হওয়ায় এই বাংলাদেশিরা সেখানে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোররাত থেকেই ভিড় করেছিলেন উৎকণ্ঠিত স্বজনরা। তারা জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই প্রিয়জনদের নিরাপত্তা নিয়ে তারা প্রচণ্ড আতঙ্কে ছিলেন। মোবাইলে বারবার ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়ায় সেই উদ্বেগ আরও বেড়ে গিয়েছিল। অবশেষে স্বজনদের অক্ষত অবস্থায় ফিরে পেয়ে বিমানবন্দরের টার্মিনালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।