নারায়ণগঞ্জ থেকে অপহরণের শিকার হওয়া এক শিশু কন্যাকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করে পরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নারায়ণগঞ্জের শিশু মাইশা অপহরণের বিষয়টি ছড়িয়ে পড়ে। এরই মধ্যে অভিযুক্ত যুবক শিশুটিকে নিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৫নং ফুলছড়ি ইউনিয়নের দিকে আসছিল। পথে শিশুটির কান্নাকাটি ও আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে যুবক অসংলগ্ন কথা বললে উপস্থিত জনতা তাকে আটক করে।
পরে তাকে ফুলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল মালেকের বাসায় নেওয়া হয়। সেখানে আরও জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক অপহরণের বিষয়টি স্বীকার করে বলে জানা যায়।
ঘটনার খবর পেয়ে ফুলছড়ি থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
এদিকে, শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা ইতোমধ্যে ফুলছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।