কুষ্টিয়া শহরের হাউজিং এলাকা থেকে সামিয়া নিঝুম নামের এক মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হাউজিংয়ের ই-ব্লক এলাকার একটি ভাড়া বাসার চতুর্থ তলার কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সামিয়া কুষ্টিয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার ছোট শালিখা গ্রামের মো. আব্দুস সালামের মেয়ে।
বাড়ির কেয়ারটেকার রিয়াজ উদ্দিন জানান, নিঝুমের বাবা ফোন করে তাকে জানান যে তার মেয়ে ফোন ধরছে না। এরপর কেয়ারটেকার পাশের কক্ষের সাবলেটে থাকা ছাত্রীদের ডেকে নিঝুমের দরজায় ধাক্কাধাক্কি করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে নিঝুমের বাবার অনুমতি নিয়ে দরজা ভাঙার চেষ্টা করা হয়। দরজার ওপরের সিটকিনি আটকানো থাকলেও নিচের দিকে কিছুটা ফাঁকা হয়ে গেলে দেখা যায়, জানালার সাথে নিঝুমের নিথর দেহ ঝুলছে।
একই বাসায় সাবলেটে থাকা অন্য শিক্ষার্থীরা জানান, নিঝুম গত ২২ জানুয়ারি ওই কক্ষে উঠেছিলেন। মাত্র কয়েকদিন আগেই তিনি বাসাটি ভাড়া নিয়েছিলেন।
মেডিকেল কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, সামিয়া অত্যন্ত মেধাবী ছিলেন। আর মাত্র এক বছর পরেই তিনি চিকিৎসক হিসেবে বের হতে পারতেন। এমন করুণ মৃত্যুতে কলেজ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।