জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ খাইরুল ইসলাম চাঁনের নির্বাচনী পোস্টার রাতের আঁধারে ছেঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে টাঙানো পোস্টার ক্ষতিগ্রস্ত করা হয়। সকালে বিষয়টি নজরে এলে প্রার্থীর সমর্থকরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান এবং দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি তোলেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সমর্থকরা বলেন, “রাতের আঁধারে পোস্টার ছিঁড়ে কোনো লাভ নেই। জনগণের হৃদয়ে যে নাম স্থান করে নিয়েছে, তা কখনো মুছে ফেলা যাবে না।” তারা অভিযোগ করেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত।
সমর্থকদের আরও দাবি, মোঃ খাইরুল ইসলাম চাঁন কোনো সাময়িক আবেগের প্রতীক নন; বরং তিনি দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে পুলিশের লাঠিচার্জ ও কারাবরণের মতো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে নিজেকে একজন দৃঢ়প্রতিজ্ঞ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রার্থী ও তার সমর্থকরা। একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে।