আসন্ন ঈদকে আরও রঙিন করতে নতুন গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহিম ইসলাম ও তারান্নুম নাবিলা। বুধবার (১৮ মার্চ) ডেডলাইন মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তাদের নতুন মিউজিক ভিডিও ‘ভালো থাকে মন’।
গানটির বিশেষ আকর্ষণ এর মিউজিক ভিডিও, যেখানে রোমান্টিক আবহে ফ্রেমবন্দি হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় জুটি অপূর্ব ও মেহজাবীন। তাদের চিরচেনা রসায়ন গানটিতে যোগ করেছে এক ভিন্ন মাত্রা।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন নাভেদ পারভেজ। গানটি নিয়ে শিল্পী ফাহিম ইসলাম বলেন, “এটি পুরোপুরি একটি প্রেমের গান। জীবনের চমৎকার কথা আর নাভেদ পারভেজের মিষ্টি সুর—সব মিলিয়ে গানটি শ্রোতাদের মনে অন্যরকম এক ভালো লাগা তৈরি করবে।”
২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম দিয়ে যাত্রা শুরু করা ফাহিম ইসলাম দীর্ঘ দেড় দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। এবারের ঈদে ‘ভালো থাকে মন’ গানটি সেই তালিকায় নতুন এক মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।