৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়।
র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, সমতা নিশ্চিত করা এবং সমাজের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধ করে নিরাপদ ও সম্মানজনক সমাজ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধি জরুরি বলেও তারা উল্লেখ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, নারী সংগঠনের নেত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল— “অধিকার, সমতা, ক্ষমতায়ন—নারী ও কন্যার উন্নয়ন”।