চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসায় আবারও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে জিসানের মায়ের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর পক্ষে এই সহায়তা প্রদান করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও বিএনপি নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের চূড়ান্ত মুহূর্তে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আব্দুল্লাহ বিন জাহিদ। বড় ছেলেকে হারানোর মাত্র ১৪ দিনের মাথায় মা জানতে পারেন তার ১৪ বছর বয়সী ছোট ছেলে জিসান মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। অসহায় এই পরিবারের পাশে দাঁড়িয়ে জিসানের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। এর আগে তার কেমোথেরাপি ও রেডিওথেরাপিসহ যাবতীয় চিকিৎসা ব্যয় ‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে পরিশোধ করা হয়েছে।
সম্প্রতি জিসানের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা পুনরায় বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা ও নতুন ওষুধের পরামর্শ দেন। সেই জরুরি চিকিৎসার ব্যয়ভার মেটাতেই আজ আবারও এই সহায়তা প্রদান করা হয়। ছেলের দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য শহীদ আব্দুল্লাহর মা প্রধানমন্ত্রী তারেক রহমান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।