সাধারণ মানুষের নাগালে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার সামাজিক উদ্যোগে যুক্ত হলেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন। ‘লীড মার্কেটিং বিডি’ নামক একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সংবাদকর্মী এবং লীড মার্কেটিং বিডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মূলত চাল, ডাল, আটা, ময়দা ও সুজি সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়াই লীড মার্কেটিং বিডির প্রধান লক্ষ্য। প্রতিষ্ঠানটি জানায়, প্রচলিত ব্যবস্থায় ডিলার বা খুচরা বিক্রেতার মতো মধ্যস্থতাকারী ধাপগুলো কমিয়ে তারা সরাসরি কোম্পানি থেকে গ্রাহকের হাতে পণ্য পৌঁছে দেয়। এর ফলে সাধারণ মানুষ বাজারমূল্যের চেয়ে প্রায় ১০ থেকে ২০ শতাংশ কম দামে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন।
এই উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা মুনমুন বলেন, শিল্পীরা সব সময় সরাসরি মানুষের সেবায় মাঠে থাকতে পারেন না। তবে এ ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের উপকার করা সম্ভব। মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে তাদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারেন, সেই ভাবনা থেকেই তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
লীড মার্কেটিং বিডির চেয়ারম্যান এস. এম. সোলায়মান হোসাইন জানান, ২০১৬ সাল থেকে তারা মাঠপর্যায়ে এই সামাজিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। বর্তমানে দেশের ৪৬টি জেলায় তাদের সেবা বিস্তৃত রয়েছে এবং দ্রুতই দেশের ৬৪টি জেলায় এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। মূলত সামাজিক দায়বদ্ধতা ও ভোক্তা অধিকার রক্ষাকেই তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।