টিভি নাটকে সচরাচর দেখা প্রেমের গল্প ছাপিয়ে এবার একদমই ভিন্ন ধাঁচের এক নারী কেন্দ্রিক গ্যাংস্টার ঘরানার গল্পে হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর এই নাটকের নাম ‘গোলাপী’। যেখানে প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি তিশাকে দেখা যাবে দুটি ভিন্ন রূপে।
সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকে তানজিন তিশার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তবে গল্পের প্রয়োজনে তৌসিফ এখানে নায়ক নাকি ভিলেন—সেই রহস্য আপাতত তুলে রাখা হয়েছে দর্শকদের জন্য। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন বর্তমান সময়ের অন্যতম সফল নির্মাতা রুবেল হাসান।
নির্মাতা রুবেল হাসান জানান, ‘গোলাপী’ চরিত্রটি যেকোনো অভিনেত্রীর জন্যই বেশ চ্যালেঞ্জিং ছিল, যা তানজিন তিশা অত্যন্ত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। তিনি আরও বলেন, “নাটকটিতে যেমন বস্তির জীবনচিত্র উঠে আসবে, তেমনি পকেটমার থেকে শুরু করে গ্যাংস্টারদের অন্ধকার রাজনীতি ও পুলিশি অভিযানের রোমাঞ্চও থাকবে। এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার হলেও এতে রোমান্সের ছোঁয়া রয়েছে। সব মিলিয়ে এবারের ঈদে এটি অন্যতম সেরা চমক হতে যাচ্ছে।”
প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পুর মতে, নাটকটি অনেকটা সিনেমার আদলে তৈরি করা হয়েছে, যা দর্শকদের বড় পর্দার স্বাদ দেবে। বর্তমানে সম্পাদনার টেবিলে থাকা ‘গোলাপী’ আসছে ঈদুল ফিতরে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।