নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে এ প্ল্যাটফর্মের যাত্রা ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকেরা জানান, পাঁচটি মূলনীতি ও সাতটি লক্ষ্য-উদ্দেশ্যকে ভিত্তি করে এনপিএ তাদের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম শুরু করেছে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষাকে সংগঠনটির মূল আদর্শ হিসেবে তুলে ধরা হয়।
এনপিএ নেতারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের অংশগ্রহণভিত্তিক, জবাবদিহিমূলক ও মানবিক রাজনীতির বিকল্প তৈরি করাই এ প্ল্যাটফর্মের লক্ষ্য। তারা দাবি করেন, সমাজের প্রান্তিক ও উপেক্ষিত জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে এনপিএ সক্রিয় ভূমিকা রাখবে।
জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একাংশের নেতা-কর্মী এবং বিভিন্ন বামপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত অ্যাকটিভিস্টদের সমন্বয়ে এই নতুন প্ল্যাটফর্মটি গড়ে উঠেছে।
উল্লেখ্য, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য পরিবর্তনের ধারাবাহিকতায় ইতোমধ্যে ২৮টির বেশি নতুন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। এ প্রেক্ষাপটে এনপিএর আত্মপ্রকাশ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।