নীলফামারীর কিশোরগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল পানির স্রোতে চাড়ালকাটা নদীর উপরে নির্মিত বেলতলি ব্রীজের গোড়া ও সংযোগ সড়ক ভেঙ্গে পড়েছে। ফলে চলাচলে হাজারো মানুষের ভোগান্তি হয়েছে। এতে ভয়াবহ হুমকীর মুখে পড়েছে ব্রীজটি।
সূত্র জানায়, কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি ঘাটে ১৪০ মিটার দীর্ঘ ব্রীজটি ২০১৫-১৬ অর্থবছরে নির্মাণ করা হয়।
সরেজমিনে বৃহস্পতিবার বিকালে দেখা যায়, চাড়ালকাটা নদী পানিতে টই টম্বুর। প্রবল স্রোত। এ স্রোতে ব্রীজের গোড়ার ব্লক ধ্বসে পড়ে গোড়া ভেঙ্গে পড়েছে। ফলে ব্রীজের দক্ষিণ দিকের সংযোগ সড়কটি ধ্বসে পড়ে বিশাল গর্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে।
স্থানীয়রা জানায়, পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নদী খননের সময় ব্রীজের কাছাকাছি খনন করায় ব্রীজটি হুমকীর মুখে পড়েছে। এর ফলে ব্রীজের গোড়া ও সংযোগ সড়ক ধ্বসে পড়েছে। এটি দ্রুত মেরামত করা না হলে এ এলাকার মানুষের খুব কষ্ট হবে। তারা আরও জানায়, বৃহস্পতিবার নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে দুপুরের পর থেকে এ ভাঙ্গণ দেখা দেয়। বর্তমানে সংযোগ সড়ক ভেঙ্গে পড়ে প্রায় ৫০ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোন যানবাহনসহ সাধারণ পথচারীরাও পারাপার হতে পারছে না।
স্থানীয় লেবু মিয়া জানান, এ ব্রীজ ও সড়ক দিয়ে মাইক্রো, কার, ট্রাক, মটর সাইকেল, অটো, ভ্যান, রিক্সায় করে প্রায় ৫০ হাজার লোক প্রতিদিন যাতায়াতসহ মালামাল আনা নেয়া করে। এছাড়া এ এলাকার লোকজন এ সড়ক দিয়ে তারাগঞ্জ, সৈয়দপুর, নিতাই ইউনিয়ন পরিষদ, স্কুল, কলেজে যাওয়া আসা করে। ব্রীজের সংযোগ সড়কটি ভেঙ্গে পড়ায় উভয় দিকে যাওয়া আসা একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান জানান, ভাঙ্গণের খবর পেয়েছি। সহকারী প্রকৌশলী ওই এলাকায় রয়েছে। তবে ব্রীজটি যেহেতু এলজিইডি কর্তৃক নির্মিত তাই সহকারী প্রকৌশলীকে এলজিইডির প্রকৌশলীকে অবগত ও মেরামতের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছি।
উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান জানান, ব্রীজের গোড়া ধ্বসে পড়ে সংযোগ সড়ক ভেঙ্গে পড়েছে এবং উভয় দিকের মানুষদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। আমরা আজকের মধ্যেই ভ্যান, অটো , রিক্সা চলাচলের ব্যবস্থা গ্রহণসহ যোগাযোগ স্বাভাবিক করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, ইতোমধ্যে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এলজিইডিকে দ্রুত চলাচল ব্যবস্থা স্বাভাবিক করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।