পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। তবে যাত্রার শুরুতেই চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, হাজার হাজার মানুষ টিকিটের অপেক্ষায় থাকলেও কাউন্টারগুলোতে বাসের দেখা নেই। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিট না পেয়ে চরম অনিশ্চয়তায় দিন পার করছেন ঘরমুখো মানুষ।
যাত্রীদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাসের দেখা মিলছে না। কাউন্টার থেকে সরাসরি জানানো হচ্ছে কোনো গাড়ি নেই, অথচ শত শত যাত্রী টার্মিনালে বাসের জন্য প্রহর গুনছেন। এই সুযোগে পরিবহন সংশ্লিষ্টরা কৃত্রিম সংকট তৈরি করে নিয়মিত ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা হাতিয়ে নিচ্ছেন বলে দাবি করছেন ভুক্তভোগীরা। ৪৫০ টাকার নিয়মিত ভাড়া এখন ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত হাঁকানো হচ্ছে, এমনকি বাড়তি টাকা দিতে রাজি হলেও মিলছে না আসন।
পরিবহন শ্রমিক ও কাউন্টার সংশ্লিষ্টরা বাড়তি ভাড়ার অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, মহাসড়কে তীব্র যানজটের কারণে দূরপাল্লার বাসগুলো সময়মতো ঢাকায় ফিরতে পারছে না। ফলে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে এবং টার্মিনালে বাসের সংকট তৈরি হয়েছে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসা সাধারণ মানুষের এই ভোগান্তি কখন শেষ হবে, তা নিয়ে তৈরি হয়েছে এক বিশাল প্রশ্নচিহ্ন।