বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা ২০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্র (পরিবার পরিকল্পনা বিভাগ)-এর সরকারি সাইনবোর্ডে আর্জেন্টিনার পতাকা আঁকার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলেও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরে থানার পাশে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রধান ফটকে সাইনবোর্ডটি বিভিন্ন নির্দেশিকা লেখা থাকে। কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হলে আর্জেন্টিনার সমর্থকরা এ সাইনবোর্ডে আর্জেন্টিনার পতাকা আঁকেন। এতে সরকারি প্রতিষ্ঠানের পরিচিতি আড়াল হয়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই এটিকে সরকারি সম্পদের যথাযথ ব্যবহারে অবহেলা এবং দায়িত্বহীনতার পরিচয় বলে মন্তব্য করেছেন। সরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ড কোনো ব্যক্তি, সংগঠন বা খেলাধুলা-সংশ্লিষ্ট আবেগের কারণে আঁকা অনুচিত। দ্রুত আর্জেন্টিনার পতাকা ছবি আঁকা অপসারণ করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বায়জিদ হোসেন বলেন, বিজ্ঞাপনের জন্য সরকারি কোন বাজেট না থাকায় বোর্ডটি ফাঁকা ছিল। এ সুযোগে আর্জেন্টিনার সমর্থকরা পতাকা ছবি আঁকিয়েছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।