জুলাই সনদ ইস্যুকে কেন্দ্র করে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের ষষ্ঠ দিনে বিকেল সাড়ে ৫টার দিকে জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন জোটের সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
বিরোধী দল অভিযোগ করে, জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় আদেশ জারি করা হয়নি। পাশাপাশি বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন বা ‘মিসকোড’ করার প্রতিবাদ জানিয়ে তারা এই ওয়াকআউট করেন।
সংসদ সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিরোধী জোটের সংসদ সদস্যরা একযোগে অধিবেশন বর্জন করেন। এর আগে চলতি সংসদের প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করেও ওয়াকআউট করেছিলেন বিরোধী সদস্যরা।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। অপরদিকে, সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট, যারা উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়লাভ করেছে।