ভারতের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় পানিতে ডুবে মারা গেছেন। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
রোববার (২৯ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, দিঘায় ধারাবাহিকটির শুটিং করছিলেন রাহুল। একপর্যায়ে তিনি পানিতে নামলে হঠাৎ তলিয়ে যান। পরে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও এর আগেই তার মৃত্যু হয়।
অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষে মধ্যাহ্নভোজের সময় অন্যরা চলে গেলেও রাহুল আরও কিছু শট দিতে পানিতে নামেন। পরে দীর্ঘ সময় তাকে দেখা না গেলে খোঁজ করা হয় এবং পানির নিচ থেকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছে তা এখনো স্পষ্ট নয়, তবে বেশ কিছু সময় পানির নিচে থাকার কারণেই এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, প্রিয়াঙ্কা সরকার-এর সঙ্গে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় রাহুলের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক পুত্রসন্তান রয়েছে। সম্প্রতি তিনি মঞ্চনাটকেও সক্রিয় ছিলেন এবং ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করছিলেন।