ঈদযাত্রায় বাস ভাড়ার নৈরাজ্য নিয়ে চলমান আলোচনার মধ্যে এক ভিন্নধর্মী মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি দাবি করেছেন, অনেক ক্ষেত্রে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য নিজেরাই ১০০ থেকে ২০০ টাকা অতিরিক্ত ভাড়া দেওয়ার প্রস্তাব দিচ্ছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী জানান, টার্মিনালগুলোতে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা আদায়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি ব্যাখ্যা করে বলেন, “স্বাভাবিক সময়ে অনেক পরিবহন মালিক নির্ধারিত তালিকার চেয়ে কম ভাড়ায় যাত্রী সেবা দেন। এখন ঈদের চাপে তারা নির্ধারিত পূর্ণ ভাড়াই নিচ্ছেন, যা যাত্রীদের কাছে ‘বেশি’ মনে হচ্ছে।” তবে বাস কাউন্টার ছেড়ে যাওয়ার পর পথিমধ্যে যাত্রী তোলার সময় কিছু ক্ষেত্রে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে এবং তা নজরদারিতে আছে বলে তিনি স্বীকার করেন।
এবারের ঈদে যাত্রীদের কাছ থেকে প্রায় ১৪৮ কোটি টাকা অতিরিক্ত হাতিয়ে নেওয়ার যে দাবি ‘যাত্রী কল্যাণ সমিতি’ করেছে, তাকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, “বিভ্রান্তি না ছড়িয়ে তথ্য-প্রমাণ নিয়ে কথা বলা উচিত।” একইসঙ্গে তিনি সমিতির সাধারণ সম্পাদককে এই বিষয়ে প্রকাশ্য আলোচনায় বসার আহ্বান জানান।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও আশ্বস্ত করেন যে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে এবং যেকোনো অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।