আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের দিন ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন করতে রাজধানীজুড়ে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ.কে.এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনা জানানো হয় ।
ডিএমটিসিএল জানিয়েছে, নির্বাচনের দিন শুধু ট্রেন চলাচল স্বাভাবিকই থাকবে না, বরং ভোটারদের অতিরিক্ত চাপের কথা মাথায় রেখে স্বাভাবিক সময়ের চেয়ে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে। ভোটের জন্য নির্ধারিত ছুটির দিনগুলোতেও মেট্রোরেল সাধারণ কর্মদিবসের মতোই চলবে।
নিরাপত্তার স্বার্থে একটি বিশেষ সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেলের যেসব স্টেশনের প্রবেশপথ বা গেট সরাসরি কোনো ভোটকেন্দ্রের পাশে অবস্থিত, সেই নির্দিষ্ট গেটগুলো ওই দিনের জন্য বন্ধ রাখা হতে পারে। তবে স্টেশনের অন্যান্য বিকল্প গেটগুলো দিয়ে যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।
নির্বাচনকালীন সেবা নিশ্চিত করতে ডিএমটিসিএল এবং এর সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। নির্বিঘ্নে ট্রেন চলাচল বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দায়িত্বশীল কর্মকর্তারা।
এদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, ভোটের দিন (১২ ফেব্রুয়ারি) সারাদেশে ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, পিকআপ ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
মোটরসাইকেলের ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত—টানা ৭২ ঘণ্টা সারাদেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে জরুরি সেবা ও নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকবে।