মিরপুরে পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই বড় সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে ৯ নম্বরে উঠে এসেছে টাইগাররা। সোমবার (১৬ মার্চ) আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে এই চিত্র দেখা গেছে।
সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ১১ রানের রোমাঞ্চকর জয়ে ট্রফি নিশ্চিত করার পাশাপাশি র্যাঙ্কিংয়েও এক ধাপ উন্নতি হয়েছে মেহেদী মিরাজদের। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৭৬, যা সিরিজ জয়ের পর বেড়ে দাঁড়িয়েছে ৭৯-এ। অন্যদিকে ৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে নেমে গেছে ক্যারিবিয়ানরা। সিরিজ হারলেও ১০২ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থান ধরে রেখেছে।
বাংলাদেশের জন্য এই উন্নতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ২০২৭ বিশ্বকাপের সরাসরি অংশগ্রহণের সমীকরণটি এখন র্যাঙ্কিং নির্ভর। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল (আয়োজক দেশগুলো বাদে) সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আয়োজক দক্ষিণ আফ্রিকা যদি শীর্ষ আটের মধ্যে থাকে, তবে র্যাঙ্কিংয়ের নবম দলটিও সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। বর্তমানে ৯ নম্বরে উঠে আসায় বিশ্বকাপের সরাসরি টিকিট পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গেল বাংলাদেশ।