নানামুখী প্রতিকূলতার মধ্যেও দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় আমদানি-রফতানি বাণিজ্যে ব্যাপক জোয়ার সৃষ্টি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মাত্র প্রথম সাত মাসেই গত পুরো বছরের কন্টেইনার খালাসের রেকর্ড ছাড়িয়ে গেছে এই বন্দর।
বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, চলতি অর্থবছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সাত মাসে মোংলা বন্দরে ২১ হাজার ৬৫১ টিইইউ (TEU) পণ্য খালাস হয়েছে। অথচ গত ২০২৪-২৫ অর্থবছরের পুরো ১২ মাসে এই সংখ্যা ছিল ২১ হাজার ৪৫৬ টিইইউ। শুধু কন্টেইনার নয়, জাহাজ আসার সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। গত অর্থবছরের প্রথম সাত মাসে যেখানে ৪৯৬টি জাহাজ ভিড়েছিল, সেখানে চলতি বছরের একই সময়ে ভিড়েছে ৫১৫টি জাহাজ।
পরিসংখ্যান বলছে, পণ্য বোঝাই ও খালাসের ক্ষেত্রেও বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। এ বছর সাত মাসে মোট ৭৭ লাখ ৯২ হাজার ৪৯১ মেট্রিক টন পণ্য হ্যান্ডলিং হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১১ লাখ ৮১ হাজার মেট্রিক টন বেশি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন উপব্যবস্থাপক মো. মাকরুজ্জামান মুন্সি এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের সঠিক তত্ত্বাবধান এবং কর্মকর্তা-কর্মচারীদের কঠোর পরিশ্রমকে। এদিকে বন্দর ব্যবহারকারীরা মনে করছেন, সদ্য বিজয়ী গণতান্ত্রিক সরকার যদি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারে, তবে মোংলা বন্দর দেশের অর্থনীতিতে আরও শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে।