বগুড়া শহরে গুড হেলথ্ স্পেশালাইজড হসপিটাল লিমিটেড এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকার সুফিলেন মসজিদ সংলগ্ন হাসপাতাল প্রাঙ্গণের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজার নাফিউজ্জামান চৌধুরী রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রতন কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক গোপাল সরকার ও মার্কেটিং ম্যানেজার সুব্রত ঘোষ।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক পল্লিচিকিৎসক, আয়ুর্বেদীয় চিকিৎসক, ফার্মেসি মালিক এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং আধুনিক চিকিৎসা সম্পর্কে সঠিক ধারণা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রামীণ পর্যায়ে চিকিৎসা গ্রহণকারী মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চিকিৎসা সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় অংশগ্রহণকারীদের আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক, রোগ নির্ণয়ের আধুনিক পদ্ধতি এবং রোগীদের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে চিকিৎসার নামে প্রতারণা ও ভুয়া চিকিৎসা কার্যক্রম থেকে সাধারণ মানুষকে সতর্ক করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে স্বাস্থ্যসেবায় সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের কাছে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।