পলাশবাড়ীতে শর্টসার্কিটে মুদির দোকানঘর পুড়ে ছাই
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পবনাপুর দক্ষিণপাড়া গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি মুদির দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ অর্থ, চাল ও একটি অটোভ্যানসহ প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
২৮ এপ্রিল মঙ্গলবার রাতে এই দূর্ঘটনাটি উপজেলার পবনাপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
জানা যায়, আনারুল ব্যাপারী (৫০)-এর মালিকানাধীন দোকানঘরে বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। বিদ্যুৎ সঞ্চালন তার বেয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই দোকানঘরের সর্বত্র লেলিহান শিখা ছড়িয়ে যায়।
স্থানীয়রা দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও অল্প সময়ের মধ্যেই দোকানঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত আনারুল ইসলাম জানান, পরিবারের জীবন-জীবিকা নির্বাহের একমাত্র সম্বল ছিল এই মুদির দোকান। দোকানটি ভস্মীভূত হওয়ায় পরিবারটি এখন চরম দিশেহারা হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারি-বেসরকারি সাহায্য-সহযোগিতা পেতে উপজেলা ও জেলা প্রশাসনসহ দায়িত্বশীল কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি এবং দানশীল ব্যক্তিদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।