রাজবাড়ীর কালুখালীতে জ্বালানি তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) রাত পৌনে ১০টার দিকে উপজেলার মোহনপুর এলাকার ‘শেখ ফিলিং স্টেশনে’ এই ঘটনা ঘটে। এতে অন্তত দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেশজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রভাবে রাতে ওই ফিলিং স্টেশনে মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। এ সময় কয়েকজন যুবক সিরিয়াল ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করলে লাইনে দাঁড়িয়ে থাকা অন্যদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। হঠাৎ শুরু হওয়া এই সংঘর্ষে সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পাম্প কর্তৃপক্ষ সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হয়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তেলের লাইনে দাঁড়ানো নিয়ে উত্তেজনার একপর্যায়ে এক যুবক তাঁর হাতে থাকা চাবির রিং দিয়ে অন্য একজনের মাথায় আঘাত করেন। এতে ওই ব্যক্তির মাথায় ক্ষত সৃষ্টি হয়ে রক্তপাত শুরু হয়। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ আরও জানায়, ঘটনার একপক্ষ পাম্প মালিকের আত্মীয় হওয়ায় পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারত। তবে পরবর্তীতে পাম্প কর্তৃপক্ষের মধ্যস্থতায় উভয় পক্ষের পরিবার ঘটনাস্থলে এসে বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করে নেয়। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।