দেশে চলমান জ্বালানি পরিস্থিতির মাঝেই তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সরকার বা মন্ত্রণালয় এখন পর্যন্ত তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি।
জ্বালানি মন্ত্রী বলেন, “জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি মন্ত্রণালয় সরাসরি দেখে না, এটি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এখতিয়ার। আমরা এখনো দাম বাড়াইনি।” দেশে তেলের বর্তমান সংকট নিয়ে তিনি ব্যাখ্যা করেন যে, বর্তমানে জ্বালানির চাহিদা ও সরবরাহের মধ্যে একটি বড় ব্যবধান বা ‘গ্যাপ’ তৈরি হয়েছে। চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় কিছুটা ক্রাইসিস তৈরি হওয়া স্বাভাবিক।
পাম্পগুলোতে দীর্ঘ সারি ও সংকটের খবরের প্রেক্ষিতে মন্ত্রী প্রশ্ন তোলেন, “ঈদের ছুটিতে সবাই বাড়ি গেল, কোনো বাস বা গাড়ি কি তেলের অভাবে মাঝপথে বন্ধ হয়েছে? ঈদ তো ভালোভাবেই কাটল, তেলের জন্য কোনো বড় অসুবিধা হয়নি।” তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন যে, বর্তমানে বড় কোনো সংকট নেই এবং আতঙ্কিত হয়ে অকারণে তেল মজুত করার কোনো প্রয়োজন নেই।
বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপট টেনে মন্ত্রী বলেন, “জ্বালানি সংকট আমরা তৈরি করিনি। আমরা তেল আমদানি করি। বর্তমানে সারা পৃথিবীতে একটা অস্থিরতা বা গোলমাল চলছে, যার প্রভাব সব দেশেই পড়ছে। এই পরিস্থিতিতে আমাদের সবাইকে সাশ্রয়ী হতে হবে।”