জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যার উসকানি ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজ থেকে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, এই মামলায় রাষ্ট্রপক্ষে প্রথম সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত এক ব্যক্তি। এর আগে ১০ ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে এই মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অপরাধ প্রমাণে মোট ২৮ জন সাক্ষী তাদের জবানবন্দি দেবেন।
প্রসিকিউশনের দাবি অনুযায়ী, গত জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন দমনে এই দুই হাই-প্রোফাইল ব্যক্তি ধারাবাহিকভাবে গোপন বৈঠক করে দমন-পীড়নের ‘নীল নকশা’ তৈরি করেছিলেন। তাদের ফোনালাপ এবং উসকানিমূলক বক্তব্যের পরেই দেশজুড়ে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয় বলে অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে পালানোর সময় এই দুজনকে গ্রেপ্তার করা হয়। ১২ জানুয়ারি তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল।