রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রদলের ওপর কোনো হামলা বরদাশত করা হবে না এবং রক্ত ঝরালে তার কঠিন প্রতিশোধ নেওয়া হবে।
লতিফ ছাত্রাবাসের ওই সংঘর্ষের ঘটনা নিয়ে রাকিবুল ইসলাম অভিযোগ করেন, ছাত্রশিবিরের একদল নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছাত্রাবাসের একটি কক্ষে প্রবেশ করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা চালায়। এতে ছাত্রদলের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি দাবি করেন, সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ক্যাম্পাসে এ ধরনের হামলাকারীদের কঠোরভাবে প্রতিহত করা হবে।
এর আগে, সোমবার দিবাগত রাত ১টার দিকে লতিফ ছাত্রাবাসে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে অন্তত ছয়জন শিক্ষার্থী গুরুতর আহত হন, যাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই পুরো ক্যাম্পাস এলাকায় থমথমে পরিস্থিতি ও চরম উত্তেজনা বিরাজ করছে।
ছাত্রদল সভাপতি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলার অভিযোগ তুলে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে, ক্যাম্পাসে পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।