কুড়িগ্রাম রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে এক ব্যতিক্রমী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে ‘ক্লিনিং স্যাটারডে’-এর এই আয়োজন করা হয়, যা ছিল জনসচেতনতা বৃদ্ধির এক অংশ।
হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা হাসপাতাল চত্বর এবং আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। পাশাপাশি, সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।
অংশগ্রহণকারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জানান, ডেঙ্গু প্রতিরোধের একমাত্র কার্যকরী উপায় হচ্ছে এডিস মশার বংশবিস্তার রোধ করা। এজন্য বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, ফ্রিজের পেছনের ট্রে—যেকোনো জায়গায় তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার এবং অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব গোলাম রসুল রাখী জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এ ধরণের পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু আজকের জন্য সীমাবদ্ধ নয়, বরং আগামীতেও প্রতি শনিবার (ক্লিনিং স্যাটারডে) হাসপাতাল চত্বরে এটি অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, সিনিয়র মেডিকেল অফিসার ও মা ও শিশু বিশেষজ্ঞ ডা. উম্মে কুলসুম বিউটিসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।