২০২৬ সালের জন্য জাতীয় দলের পুরুষ ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঘোষিত ২৮ সদস্যের এই তালিকায় বেশ কিছু বড় পরিবর্তন ও চমক লক্ষ্য করা গেছে। এবারের চুক্তিতে মাসিক ১০ লাখ টাকা বেতনের ‘এ প্লাস’ গ্রেড রাখা হলেও সেখানে কোনো ক্রিকেটারকে রাখা হয়নি। ফলে ৪ জন ক্রিকেটার এখন দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন।
এবারের চুক্তিতে ৮ লাখ টাকা মাসিক বেতনের ‘এ’ গ্রেডে জায়গা পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং পেসার তাসকিন আহমেদ। ৬ লাখ টাকা বেতনের ‘বি’ গ্রেডটি সবচেয়ে বড়, যেখানে মুশফিক-মুস্তাফিজসহ রয়েছেন ১১ জন ক্রিকেটার। তরুণ পেসার নাহিদ রানাও এই ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন।
এছাড়া ৪ লাখ টাকা বেতনের ‘সি’ গ্রেডে রয়েছেন ৬ জন এবং সর্বনিম্ন ২ লাখ টাকা বেতনের ‘ডি’ গ্রেডে জায়গা পেয়েছেন ৭ জন ক্রিকেটার। এই চুক্তিটি ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।