পলাশবাড়ীতে শতবর্ষী শিক্ষাবিদ মাও. গোলাম রব্বানীর ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন
গাইবান্ধার পলাশবাড়ী সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। প্রায় শতবর্ষী এই গুণী শিক্ষাবিদ ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।
রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুর খবরে পুরো পলাশবাড়ী জুড়ে শোকের ছায়া নেমে আসে।
মাওলানা গোলাম রব্বানী ছিলেন একজন পরীক্ষিত শিক্ষক, মানবিক ব্যক্তিত্ব ও আলোকিত মানুষ গড়ার কারিগর। পলাশবাড়ী সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও আন্তরিকতায় তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর হাত ধরে গড়ে উঠেছে অসংখ্য ইমাম, ওলামা-মাশায়েখ, হাফেজ ও ক্বারীসহ সমাজের বিভিন্ন স্তরের আলোকিত মানুষ।
তিনি ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র, সাদাসিধে, নামাজি ও পরহেজগার। জীবনের শেষ দিন পর্যন্ত ইসলামি আদর্শ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর এই কর্মময় জীবন ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
মরহুম গোলাম রব্বানী পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের মরহুম শামস উদ্দীনের সন্তান। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি, সহকর্মী শিক্ষক, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মো. নজরুল ইসলাম লেবু, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,সাধারন সম্পাদক মোশফেকুর রহমান রিপন,উপজেলা জামায়াতের আমীর আবু বকর সিদ্দিক, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ জাহিদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।