যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল সামরিক হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রায় ৭০ লাখ বেসামরিক নাগরিক প্রস্তুত রয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তারা প্রশিক্ষণ নিয়েছে বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, সম্ভাব্য মার্কিন আগ্রাসনের জবাবে বিপুলসংখ্যক ইরানি লড়াইয়ে অংশ নিতে প্রস্তুত।
তার দাবি অনুযায়ী, দেশজুড়ে গড়ে ওঠা একটি জাতীয় প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে এই বিপুলসংখ্যক মানুষ ইতোমধ্যে প্রস্তুতি ঘোষণা করেছে। যদিও এ পরিসংখ্যানের নির্দিষ্ট উৎস বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইরানে স্বেচ্ছাসেবী অংশগ্রহণের আহ্বান জোরদার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অবসরপ্রাপ্ত সেনাদেরও প্রয়োজনে যুদ্ধে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।
একই সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর স্বেচ্ছাসেবী শাখা ‘বাসিজ’-এ নতুন সদস্য অন্তর্ভুক্তির খবরও সামনে এসেছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়ে বলেছেন, প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
তবে ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, দেশটির সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা সঠিক নয়। যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।