এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে বড় পর্দায় চমক দেখাচ্ছে চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত ডার্ক-থ্রিলার সিনেমা ‘রাক্ষস’। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রস্তুতির পর সিয়ামের নতুন এই অবতার দেখে মুগ্ধ হচ্ছেন তাঁর ভক্ত ও সাধারণ দর্শকরা।
স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা গেছে, ঈদের দিন মাত্র ১৪টি শো নিয়ে সিনেমাটির যাত্রা শুরু হলেও দর্শকদের উপচে পড়া ভিড়ের কারণে বর্তমানে তা বেড়ে ২০টিরও বেশি হয়েছে। এমন অভাবনীয় সাড়ায় উচ্ছ্বসিত সিনেমার পুরো টিম। প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, “ক্রমেই ‘রাক্ষস’ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। গত তিন দিনে আমরা দারুণ সাড়া পেয়েছি। এভাবে চলতে থাকলে সিনেমাটি বড় কোনো সাফল্য বয়ে আনবে বলে আমাদের বিশ্বাস।”
মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি মূলত তাঁর প্রথম সিনেমা ‘বরবাদ’-এর ইউনিভার্সের অংশ। উল্লেখ্য, ‘বরবাদ’ সিনেমায় অভিনয় করেছিলেন মেগাস্টার শাকিব খান, যা ব্লকবাস্টার ব্যবসা করেছিল। নির্মাতা জানিয়েছেন, সেই একই ঘরানার টানটান উত্তেজনা ও রহস্য থাকছে ‘রাক্ষস’-এ।
সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি। এ ছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন আলী রাজ ও সোহেল মণ্ডলের মতো দক্ষ অভিনেতা। সিনেমার একটি বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। ‘রিয়েল এনার্জি’র ব্যানারে নির্মিত এই সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইয়ের বিভিন্ন মনোরম লোকেশনে।