দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে জামালপুরের বকশিগঞ্জে এক ব্যতিক্রমী মানত পূরণ করেছেন স্থানীয় বিএনপি নেতা জমরুদ আলী নেদা। সোমবার (২৩ মার্চ) দুপুরে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষকে ভুরিভোজ করানোর মাধ্যমে তাঁর দীর্ঘদিনের করা সেই মানত পূরণ করেন।
জানা গেছে, তারেক রহমান দেশ ছাড়ার পর জমরুদ আলী নেদা মানত করেছিলেন—প্রিয় নেতা যেদিন দেশে ফিরবেন, সেদিন তিনি গরু জবাই করে আনন্দ উৎসব করবেন এবং মানুষকে খাওয়াবেন। দীর্ঘ ১৭ বছর পর সেই মাহেন্দ্রক্ষণ আসায় তিনি তাঁর ওয়াদা রক্ষা করেন। তবে বর্তমানে আর্থিক সামর্থ্য আগের মতো না থাকায় গরুর পরিবর্তে একটি খাসি জবাই করে ভুরিভোজের আয়োজন করেন তিনি।
এই আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন বাট্রাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আক্তার মাস্টার, সহ-সভাপতি মো. রুবেল মিয়া এবং ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। দীর্ঘ অপেক্ষার পর নেতার আগমনে স্থানীয় কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।