সাঙ্গ হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। আজ রোববার (১৫ মার্চ) পর্দা নামছে বাঙালির এই প্রাণের মেলার। শেষ দিনে মেলা শুরু হবে দুপুর ২টায় এবং পাঠক-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে রাত ৯টা পর্যন্ত। শেষ বারের মতো পছন্দের বই কিনতে এবং প্রিয় লেখকের সাথে সময় কাটাতে আজ মেলা প্রাঙ্গণে বইপ্রেমীদের উপচে পড়া ভিড় থাকবে বলে আশা করা হচ্ছে।
বিকেল ৩টায় মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। মেলার প্রাপ্তি ও পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবেন সদস্য সচিব ড. মো. সেলিম রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
সমাপনী দিনের মূল আকর্ষণ হিসেবে থাকবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান। প্রকাশনা শিল্পে বিশেষ অবদানের জন্য প্রতিবারের মতো এবারও চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, সরদার জয়েন উদ্দীন স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে। দীর্ঘ দেড় মাসের এই জ্ঞান ও সংস্কৃতির উৎসব শেষে আজ রাতে ভাঙবে লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলা।