ঈদকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে অসহায় ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রগতি কল্যাণ সংস্থা।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংগঠনটির উদ্যোগে ৪০ জন এতিম ও অসহায় শিশুকে ঈদ উপহার হিসেবে নতুন পাঞ্জাবি ও টুপি প্রদান করা হয় এবং তাদের জন্য ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্থার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। প্রগতি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক আবদুল হান্নান ও সদস্য প্রভাষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ–সোনাতলা সার্কেল) রবিউল ইসলাম।
এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি রশিদুর রহমান রানা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং এতিম শিশুদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠান শেষে অতিথিরা এতিম শিশুদের সঙ্গে একসঙ্গে ইফতার করেন।