ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হওয়ার খবর নিশ্চিত করেছে তেহরান। তবে তিনি বর্তমানে ‘নিরাপদ ও সুস্থ’ আছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবার (১১ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের ছেলে এবং সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।
নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে ইউসেফ পেজেশকিয়ান বলেন, “মোজতবা খামেনি আহত হয়েছেন এমন খবর পাওয়ার পর আমি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাকে নিশ্চিত করেছেন যে, আল্লাহর রহমতে তিনি বর্তমানে নিরাপদ এবং সুস্থ আছেন।”
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত যোদ্ধা’ হিসেবে অভিহিত করেছে। তবে তার আঘাত ঠিক কতটা গুরুতর বা তিনি কোথায় চিকিৎসাধীন আছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি দেশটির সরকারি সংবাদমাধ্যম।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলার প্রথম দিনেই মোজতবা খামেনি আহত হয়েছিলেন। তিনজন ইরানি এবং দুজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে পত্রিকাটি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। গত তিন দিন আগে বাবার উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে মোজতবা খামেনিকে আর জনসমক্ষে দেখা যায়নি। তার অবস্থান ও স্বাস্থ্য নিয়ে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান গুঞ্জনের মধ্যেই তেহরান থেকে এই আনুষ্ঠানিক বক্তব্য এল।
বর্তমানে মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতিতে ইরানের শীর্ষ নেতার শারীরিক অবস্থা যুদ্ধের গতিপ্রকৃতিতে নতুন কোনো প্রভাব ফেলে কি না, সেটিই এখন দেখার বিষয়।